প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩০ পিএম
এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করে ইসি। এর ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা–৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার বিষয়টি গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি।
অন্যদিকে একই আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। গত ৯ জানুয়ারি এ আবেদন করা হয়। তবে শনিবার অনুষ্ঠিত শুনানিতে সেই আপিল খারিজ করে দেয় কমিশন। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকে।
এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি আপিল নিষ্পত্তি হলো নির্বাচন কমিশনে। এতে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী মাঠে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখতে পারছেন, আর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন থেকে ছিটকে পড়লেন।