বাঞ্ছারামপুর ইউএনওর মৃত্যু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২৯ পিএম
বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শাহ রাহাত আলী (রহ.) মাজার কমিটির সভাপতি ফেরদৌস আরার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসর নামাজের পর শুক্রবার উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারে অবস্থিত শাহ রাহাত আলী (রহ.) মাজার মসজিদে মজার কমিটির আয়োজনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে ফেরদৌস আরা মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে কার্ডিয়াক অ্যাটাক হলে ১৪ ডিসেম্বর সকালে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
তিনি বলেন, “ফেরদৌস আরা ছিলেন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। তিনি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়নীতি, স্বচ্ছতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন।
“বাঞ্ছারামপুরে তার কর্মকাল শুধু প্রশাসনিক দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; সাধারণ মানুষের দুঃখ-কষ্ট তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করতেন এবং সমস্যার টেকসই সমাধানে আন্তরিকভাবে কাজ করতেন।”
ফেরদৌস আরার মতো একজন মানবিক কর্মকর্তাকে অকালেই হারানো প্রশাসন ও সমাজ উভয়ের জন্যই অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন বাবুল মিঞা।
তিনি বলেন, “যে সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, তা আজকের প্রশাসনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এমন একজন মানবিক কর্মকর্তাকে অকালেই হারানো প্রশাসন ও সমাজ উভয়ের জন্যই অপূরণীয় ক্ষতি।”
মাহফিল শেষে মরহুম ফেরদৌস আরার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।