বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকার এসপিআরসি নিউরোসায়েন্স হাসপাতাল ও রিসার্চ সেন্টারে বুধবার সকাল ৭টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফেরদৌস আরার স্বামী শাহজাহান সরকার প্রতিদিনের বাংলাদেশকে জানান, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের তত্ত্বাবধানে এসপিআরসি নিউরোসায়েন্স হাসপাতালে ফেরদৌস আরাকে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে পানি জমেছে এবং দ্রুত অস্ত্রপাচার প্রয়োজন। অস্ত্রপাচারের সব প্রস্তুতি নেওয়া হলেও বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে তার মৃত্যু হয়।
ফেরদৌস আরার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় শোকাবহ বাঞ্ছারামপুর। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয়, ফেরদৌস আরার মৃত্যুতে বাঞ্ছারামপুর একজন যোগ্য ও মানবিক প্রশাসককে হারাল। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।