চট্রগ্রাম অফিস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৯:০০ পিএম
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত স্কুলছাত্রী হোজাইফা আফনানকে রবিবার বিকালে চমেকের আইসিইউতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের মাথার ভেতরে আটকে থাকা গুলিটি বের করা যায়নি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশুটি বলে জানিয়েছে চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালের আইসিইউ বিভাগের সামনে সোমবার বিকেল চারটার দিকে এ তথ্য জানিয়েছেন আহত শিশুটির চাচা শওকত আলী।
প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, “যে জায়গায় বুলেট লেগেছে সেখানে থেকে বুলেট বের করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন অস্ত্রপচার করা চিকিৎসকেরা। হুজাইফার এখনো জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন সংকটাপন্ন অবস্থায় আছে। জানি না কি হয়”
হুজাইফার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন চাচা শওকত।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, “গুলিবিদ্ধ শিশুটির সার্বিক অবস্থা খুব ক্রিটিক্যাল। রবিবার রাতে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু মাথা থেকে গুলিটা বের করা যায়নি। শিশুটির অবস্থার উন্নতি নিয়ে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তেচ্ছাব্রীজে গত রবিবার সকালে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। ঘটনার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়েলটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।