দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:১১ পিএম
দিনাজপুরের কাঁকড়া নদী থেকে সোমবার অজ্ঞাতপরিচয়ের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের কাঁকড়া নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জেলার চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলাস্থ কাঁকড়া নদী ব্রিজের বানিয়া খাড়ি এলাকা থেকে সোমবার বেলা ১১টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
চিরিরবন্দর থানার এসআই জহুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। তবে জানার প্রচেষ্টা চলছে।