ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৪:২৮ পিএম
ফেনীর দাগনভূঞা উপজেলায় সমীর কুমার দাস (২৮) নামে এক অটোচালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের কার্তিক কুমার দাস ও রিনা রানী দাসের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাতে দাগনভূঞা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা সমীর কুমার দাসকে হত্যা করে তার
অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে
তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী
জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু
তদন্ত ও দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত
ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।