চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম
২০১৭ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত রিপোর্ট দ্রুত দাখিলের নির্দেশনা দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত দীর্ঘসূত্রতা হওয়ায় অসন্তোষ প্রকাশ করে এ নির্দেশনা দেন।
মামলার তথ্যানুযায়ী, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৬ নেতা আহত হয়েছিলেন।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। ওই সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার দুই দিন পর আমি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। এরপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে আদালত পুনঃতদন্তের আদেশ দেন।