খুলনা অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২০:১৮ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, রাজনীতি ছাড়া কোনো সমাজই টিকে থাকতে পারে না। যারা রাজনীতি নিয়ে কথা বলতে নিষেধ করেন, তারা মূলত সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে চাইছেন।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে খুলনার তেরখাদা বাজারসংলগ্ন এলাকায়
আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জিয়া
পরিবারের সদস্যদের জন্য দীর্ঘ আয়ু কামনা করে আয়োজন করা হয়। সভায় তেরখাদা উপজেলার বিপুলসংখ্যক
নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজিজুল বারী হেলাল নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকার প্রতি ইঙ্গিত
করে বলেন, একজন প্রার্থী মানুষের সঙ্গে কথা বলবেন এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক
রীতি। পৃথিবীর কোনো দেশে নেই যে, একজন প্রার্থী মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। এটি
সরাসরি বাকস্বাধীনতা হরণের শামিল। আমি জনগণের প্রতিনিধি হতে চাই, তাই মানুষের অভাব-অভিযোগ
শোনা আমার অধিকার ও দায়িত্ব।
তিনি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আজ
তেরখাদার চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
তারা শিক্ষা, রাস্তাঘাট ও কর্মসংস্থানের নানা সমস্যার কথা জানিয়েছেন। জনগণের রায়ে যদি
আমরা সরকার গঠন করতে পারি, তবে তেরখাদার মানুষের ভাগ্যোন্নয়নে ধানের শীষের সরকার আন্তরিকভাবে
কাজ করবে। প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেই সমস্যার স্থায়ী
সমাধান করা হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের রাজনৈতিক সংগ্রাম। আগামী ২১ তারিখ পর্যন্ত
দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তেরখাদাসহ এই এলাকার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো
সম্ভব।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী কাওছার আলী এবং
সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, লিটন মোল্লা, রেজাউল
ইসলাম রেজা, নয়ন মোড়ল ও মো. রয়েল। এছাড়া তেরখাদা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।