নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১১ পিএম
নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণিটিকে
রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বনবিভাগে খবর দেন। পরে রাত ১১টার দিকে বনবিভাগের
একটি দল এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে জেলা বন কার্যালয়ে নিয়ে যায়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গন্ধগোকুলটি প্রায় তিন ফুট
লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে
বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করেন।
স্থানীয়রা জানান, রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় একটি
গাড়ির ধাক্কায় আহত হয়। ধাক্কা লাগার পর সেটি রাস্তার পাশে পড়ে থাকে। বিষয়টি স্থানীয়দের
নজরে এলে তারা বনবিভাগে খবর দেন। বনবিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে আজ সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে গন্ধগোকুলটির চিকিৎসা শুরু হয়।
নেত্রকোনা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী
বলেন, আমরা গন্ধগোকুলটিকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এর মাথায় আঘাত রয়েছে। বর্তমানে
চিকিৎসা চলছে। এটি মানুষের কোনো ক্ষতি করে না। সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত
করা হবে এবং প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবেÑ যাতে এটি স্বাভাবিকভাবে জীবনযাপন
করতে পারে।