পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:২৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:৩৩ পিএম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদী নেছারিয়া দাখিল মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদী নেছারিয়া দাখিল মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এমপিও সুবিধাভুক্ত আট দশক ধরে চলা মাদ্রাসায় বৈষম্য দূর করার দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।
ইচাদী নেছারিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হলেও বহু বছর ধরে এখানে কোনো ছাত্রী ভর্তি নেওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই নারীদের শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে। এলাকায় বিকল্প কোনো মাধ্যমিক প্রতিষ্ঠান না থাকায় মেয়েদের তিন-চার কিলোমিটার দূরের অন্য ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়। বর্ষা মৌসুমে নোনাজল, কাদা ও জলাবদ্ধতার কারণে সেই পথ হয়ে ওঠে প্রায় অচল। ভোগান্তির ফলে অষ্টম শ্রেণির পরই ঝরে পড়ে অনেক ছাত্রী।
ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, অন্য মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। বর্ষাকালে চলাচল খুব কঠিন হয়ে পড়ে। এখানে ভর্তি হতে পারলে তাদের অনেক সুবিধা হতো।
স্থানীয় অভিভাবকরা বলেন, বাড়ির কাছে দাখিল মাদ্রাসা থাকলেও তাদের মেয়েরা সেখানে পড়তে পারে না। তারা চাচ্ছেন নিরাপত্তা ও অধিকারের স্বার্থে ওই মাদ্রাসায় মেয়েদের ভর্তি নেওয়া হোক।
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও মহাসিন বলেন, দূরের প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করা অনেক মেয়ের পক্ষে সম্ভব হয় না। সরকারি নিয়ম অনুযায়ী এখানে অবশ্যই মেয়েদের ভর্তি নেওয়া উচিত। মেয়েদের শিক্ষা গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে।
তবে মাদ্রাসার সুপারিনটেনটেন্ড সাইয়্যেদ আহমেদ বলছেন, মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে বালক মাদ্রাসা হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এটি ছেলেদের মাদ্রাসা। তবে বালক মাদ্রাসাা হিসেবে এমপিওভুক্ত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি তিনি।
এ বিষয় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান বলেন, মেয়েদের ভর্তি না নেওয়া নিয়মবহির্ভূত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ইচাদী নেছারিয়া দাখিল মাদ্রাসায় ২৭০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন।