নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৬ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের দুই মূলহোতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, আধুনিক ডিভাইসসহ নগদ প্রায় ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ৩৬টি পরীক্ষা কেন্দ্রে নজরদারির একপর্যায়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশের সদস্যরা শহরের আবাসিক হোটেলসহ বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
শুক্রবার তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রশ্নফাঁস চক্রের দুই মূলহোতা হলেন জেলার মহাদেবপুরের জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবিব এবং পত্নীতলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য আছে একজন প্রতারক কিছু পরীক্ষার্থীর কাছ থেকে টাকা-পয়সা নিয়ে জেলা শহরে পোরশা রেস্ট আবাসিক হোটেলে পরীক্ষার্থীসহ অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই প্রতারক আহসান হাবিব ও মামুনুর রশিদ এবং পরীক্ষার্থী হাবিবুর, তার বাবা ফারাজুলকে আটক করা হয়।
হোটেলের অন্য রুম থেকে পরীক্ষার্থী আতাউর রহমান, ফারুক হোসেন ও হাবিবুর রহমান, সারোয়ার আটক করা হয়। সারোয়ারের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী আবু সাঈদসহ অন্যদের আটক করা হয়।