হাওরাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম
নেত্রকোণার মোহনগঞ্জে রঞ্জিত চন্দ্র কর (৫৫) নামে ওয়ার্ড বিএনপির এক সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আশঙ্কাজনক অবস্থায় আহত রঞ্জিত চন্দ্র করকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ ব্যাপারে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আহতের বড়ভাই অনিল চন্দ্র কর বাদী হয়ে প্রতিপক্ষের সরজিত চন্দ্র কর (৩২), প্রদীপ চন্দ্র কর (২৮), সঞ্জিত চন্দ্র কর (৪০), সুশীল চন্দ্র করসহ (৬৫) ১৪ জনকে অভিযুক্ত করে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জিত চন্দ্র করের ওপর একই গ্রামের প্রতিপক্ষের সুশীল চন্দ্র করের নেতৃত্বে তার লোকজন পূর্ব বিরোধের জেরে অতর্কিতভাবে হামলা চালিয়ে এ মারধরের ঘটনাটি ঘটায়।
শনিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটাপাড়া গ্রামের বাসিন্দা ও তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জিত চন্দ্র করের সঙ্গে একই গ্রামের সুশীল চন্দ্র করদের জমিজমাসহ নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, শনিবার বিকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।