× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল : বদিউল আলম

খুলনা অফিস

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম

খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপ

খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপ

ভোটের নামে ক্ষমতা দখল, পরিকল্পিতভাবে নির্বাচনব্যবস্থা ধ্বংস এবং জবাবদিহিহীন শাসনের মাধ্যমেই বাংলাদেশকে দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে বন্দি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. বদিউল আলম বলেন, স্বাধীনতার পর বহু প্রাণের বিনিময়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র বারবার ভূলুণ্ঠিত হয়েছে। বিশেষ করে গত ১৫ বছর রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে দমন-পীড়নের মাধ্যমে ভয়ভিত্তিক শাসন কায়েম করা হয়েছিল। এই দমনমূলক বাস্তবতাই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে অনিবার্য করে তোলে। এটি কোনো হঠাৎ রাজনৈতিক উত্তেজনা নয়, বরং রাষ্ট্র মেরামতের দাবিতে জনগণের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।

সুজন সম্পাদক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও বিচারকে যদি রাজনৈতিক সমঝোতার বলি দেওয়া হয়, তাহলে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত ১১টি সংস্কার কমিশনের সুপারিশ থেকে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এখন আর কোনো কাগুজে দলিল নয়; এটি জনগণের রক্তে লেখা একটি সামাজিক চুক্তি। এই সনদ বাস্তবায়নে দ্ব্যর্থহীন অঙ্গীকার ছাড়া কোনো রাজনৈতিক দলকেই গণতান্ত্রিক শক্তি হিসেবে গ্রহণযোগ্য বলা যাবে না।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ড. বদিউল আলম বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়; এটি হবে বাংলাদেশের ফাউন্ডেশনাল ইলেকশন। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ আবার ক্ষমতাকেন্দ্রিক লুটপাট, দুর্নীতি ও দমননীতির পথে ফিরবে নাকি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোবে।

তিনি বলেন, রাষ্ট্র যদি নাগরিককে ভয় দেখায়, তাহলে সেটি কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না। গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার বন্ধে প্রাতিষ্ঠানিক গ্যারান্টি ছাড়া কোনো আশ্বাসই গ্রহণযোগ্য হবে না। দুর্নীতি, টাকার খেলা, পেশিশক্তি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বন্ধ না করলে নির্বাচন মানেই হবে রক্তপাত ও প্রতারণার পুনরাবৃত্তি।

সংলাপে বিশিষ্ট শিক্ষাবিদ ও সুজন খুলনার সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে এবং সুজন খুলনার সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খোদার সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী জনার্দন দত্ত নান্টু। অন্য বক্তাদের মধ্যে ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সিপিবি খুলনা জেলা সভাপতি এসএ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা মহানগর আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এসকে রাশেদ এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা