নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:১৮ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহরকে নির্বাচনি আচরণবিধি লঙঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোনারগাঁ পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজের বাড়িতে শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোলাম মসীহর বাসভবন ‘পোদ্দার বাড়িতে’ তার স্ত্রী ঝিনুক বেগমের নেতৃত্বে কয়েকশ নারীর অংশগ্রহণে একটি ‘তালিম’ সভার আয়োজন করা হয়। অভিযোগ ওঠে, ধর্মীয় ওই সভার আড়ালে প্রার্থীর পক্ষে প্রচার চালানো হচ্ছে এবং ‘হাতপাখা’ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। পরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী গোলাম মসীহরের পক্ষে ধর্মীয় সভার নামে জমায়েত করে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী গোলাম মসীহ। তিনি বলেন, “নারীরা ধর্মীয় তালিমে অংশ নিতে আমার বাড়িতে এসেছিলেন। সেখানে কে বা কারা ভোট চেয়েছেন, তা আমার জানা নেই।”