× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪০ প্রজাতির ফুলে ছেয়ে গেছে চট্টগ্রামের ডিসি পার্ক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ০৯:২৯ এএম

১৪০ প্রজাতির ফুলে ছেয়ে গেছে চট্টগ্রামের ডিসি পার্ক

ফুলের সৌরভ ও বর্ণিল আবেশে ছেয়ে গেছে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক। সেখানে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। পার্কের জলাধারের চারপাশে লাল, সাদা ও হলুদসহ নানা রঙের ফুল দোল খাচ্ছে পৌষের হালকা বাতাসে, যার রঙ ও সুবাসে মুগ্ধ দর্শনার্থীরা।

গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবটি ডিসি পার্কের চতুর্থ ফুল উৎসব। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্কে চলবে এ আয়োজন। 

মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ রয়েছে। এ বছর দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টানেল। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচারণার একটি বিশেষ স্টল। পাশাপাশি থাকছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্নার।

পার্কজুড়ে রঙিন ফুলে সাজানো হয়েছে নানা ফুলের ভাস্কর্য, থিম ও ল্যান্ড স্ক্যাপ। দেশি-বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের প্রতিটি কর্নার। হাঁটার পথের পাশেও আছে ফুলের সমাহার। পার্কে রাখা হয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা জায়াগা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, আমরা আজ একটি বিশাল কর্মযজ্ঞের মাঝে উপস্থিত হয়েছি। জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত উচ্চমানের একটি আয়োজন করা হয়েছে, যা মাসব্যাপী চলবে। চট্টগ্রাম সফরের এই সুযোগে এমন একটি বড় ও ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত বোধ করছি। যারা অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এই আয়োজন বাস্তবায়ন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, একসময় আমরা দেশটিকে ‘বারো মাসের তেরো পার্বণ’ বলতাম। এখন দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। জেলা প্রশাসনের এই উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যার যার অবস্থান থেকে সবাই এই নির্বাচনকে উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা