প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম
গত দুই দিনে (বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৯ জানুয়ারি) রাত পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় নারী-শিশুসহ ৬ জন, চট্টগ্রামের মিরসরাই ও কর্ণফুলীতে ৪ জন, মুন্সীগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুরে ২ জন। বিস্তারিত প্রতিবেদকদের খবরে :
কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীদের সঙ্গে বাসচালকের বাগবিতণ্ডা হলে চালকের বেপরোয়া চালনায় বাসটি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয় অন্তত ৩০ জন। শুক্রবার দুপুরে উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুমন মিয়ার শিশুপুত্র হোসাইন (১৬ মাস), দাউদকান্দি উপজেলার পেন্নই গ্রামের মো. শামীম হোসেন (৩৮) ও তার ছেলে নাদিফ হোসেন (৭)। এ ছাড়া নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
নিহত হোসাইনের বাবা সুমন মিয়া জানান, পরিবারসহ তিনি বাসে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাসে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছিল। এতে যাত্রীরা বিরক্ত হয়ে চালককে না দাঁড়াতে অনুরোধ করেন। এ নিয়ে চালকের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা হলে বেপরোয়া গতিতে বাস চালানো শুরু করেন চালক। একপর্যায়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশু, এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এদিকে, চান্দিনার তীরচর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নাফিস আহমেদ, চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার ছাবিতুন নাহার ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মিন্টু মিয়া। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া। অপরদিকে, কর্ণফুলীতে অজ্ঞাত বাসের ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের মো. মুছার ছেলে। কর্ণফুলী থানার ওসি শাহিনুর জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। শুক্রবার ভোরে উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তারেক মিয়া (৪৫)। তিনি ঢাকা-চুয়াডাঙ্গা রুটের পূর্বাশা পরিবহনের সুপারভাইজার। হাসারা হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এদিকে, শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মোটরসাইকেল চালক সোহেল রানা (৪৫) ও আরোহী মতিউর (৫০)। শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন। শুক্রবার সকালে হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় পিকআপের ধাক্কায় টমটমের যাত্রী দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ-ক্বারী সেলিম আহমেদ নিহত হন। অপরদিকে, শুক্রবার সকালে বাহুবল উপজেলায় রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর উল্টে চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের আবিদ আলী নিহত হন।
টাঙ্গাইল : মির্জাপুরে ড্রামট্রাকচাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার জানান, ড্রামট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অপরদিকে, টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে ইউটার্ন করার সময় পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এক এসআই ও দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।