বগুড়া অফিস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২০:০৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২০:৫৯ পিএম
লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রথমবার বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে প্রস্তুতি জোরদার করেছে দলটি।
দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমানের পৈতৃক জেলার এই আগমনকে ঘিরে উৎসাহ ও আবেগ দুটোই কাজ করছে নেতাকর্মীদের মধ্যে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) বলেন, ‘এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং বগুড়া বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। যেহেতু গণদোয়া তাই আমরা জাকজমকপূর্ণ কোনো মঞ্চ করছি না। স্কুল মাঠে স্থায়ী মঞ্চেই তারেক রহমান অবস্থান করবেন।’
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে গুলশানের বাসা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টায় টাঙ্গাইল, বিকাল ৩টায় সিরাজগঞ্জ হয়ে রাত ৮টার দিকে তিনি বগুড়ায় পৌঁছাবেন। রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন তিনি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তার সফরসঙ্গীদের রাত যাপনের ব্যবস্থাও করা হয়েছে একই হোটেলে।
হোটেলটির সত্ত্বাধিকারী মো. শোকরানা বলেন, ‘তারেক রহমান ও তার ১২৬ জন সফরসঙ্গীর রাত্রীনিবাস নিশ্চিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।’
আগামী ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা জানান, দোয়া মাহফিল শেষে তারেক রহমান শহরের সাতমাথা হয়ে ঢাকা–রংপুর মহাসড়কের তিনমাথা, চারমাথা ও মাটিডালি মোড় অতিক্রম করে শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। সেখানে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে দলের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম তাকে স্বাগত জানাবেন। পথিমধ্যে মোকামতলায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ওই দিন বেলা ২টায় তিনি রংপুরের পীরগঞ্জে যাবেন। সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাত ৯টায় দিনাজপুর এবং রাত ১১টায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাত ১১টায় রংপুরে অবস্থান করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুরের কর্মসূচি শেষে দুপুর ১টায় বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। ওই দিন রাত ৮টায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘সফরকে ঘিরে যেন কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হয়েছেন তারেক রহমান। তিনি বগুড়া–৬ (সদর) ও ঢাকা–১৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে।
১৯ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়া শহরের চিত্রও বদলে গেছে। জেলা বিএনপির কার্যালয়, তারেক রহমানের কক্ষ, গাবতলীর বাগবাড়ি এলাকা ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং সংস্কারকাজ চলছে। এছাড়া শহরজুড়ে লিডার বগুড়ায় আসছেন ব্যানারে ছেয়ে গেছে।
নিরাপত্তার বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘তারেক রহমানের বগুড়ায় সফর ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শহরজুড়ে যানজট নিরসনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইদিন শহরের ভেতরে কোনও ট্রাক, বাস প্রবেশ করতে পারবে না। ’
বগুড়া–৬ আসন বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরবর্তী সময়ে উপনির্বাচন ও জাতীয় নির্বাচনের নানা রাজনৈতিক বাঁক পেরিয়ে আসনটি আবারও আলোচনায় এসেছে।