আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:১১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৮ পিএম
বাংলাদেশের জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অভূতপূর্ব পরিবর্তন এনেছে, তা চিরস্থায়ী থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দেশের বাইরে কিংবা সীমান্তের ওপার থেকে ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো জায়গা করে নিতে পারবে না।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গণভোটের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তারাই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা যে সনদে স্বাক্ষর করেছেন, সে অনুযায়ী তারা গণভোটের পক্ষেই থাকবেন বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। তিনি আরও বলেন, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি করতে সারা দেশে জেলা প্রশাসনের নেতৃত্বে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে দুপুরে উপদেষ্টা সুনামগঞ্জের শিল্প ও অবকাঠামো উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। পাশাপাশি এলজিইডির বাস্তবায়নাধীন ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ছাতক–কাটাখালী (আরএইচডি) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।