কুমিল্লা-৪
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:২৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:২৮ পিএম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়নি বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে যেভাবে মনোনয়ন বাতিলের খবর প্রচার করছে, সেটি সত্য নয়। মনোনয়ন নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি এবং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ সবকিছু স্বাভাবিক ও সঠিকভাবেই চলছে বলেও দাবি করেন তিনি।
ভিডিও চলাকালে তিনি তার আইনজীবীকে ফোনে যুক্ত করেন। এ সময় আইনজীবী জানান, ব্যক্তি মুন্সীর কোনো ঋণখেলাপি নেই। তার একটি কোম্পানিকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছিল। সে কারণে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আগের স্থগিতাদেশ (স্টে অর্ডার) স্থগিত করেছেন। তবে এটি প্রার্থিতা বাতিলের শামিল নয়। আমরা আগামী রবিবার বিষয়টি নিয়ে আপিল করব।
কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, বিষয়টি আপিলের মাধ্যমে নিষ্পত্তি হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর না থাকায় আইনগতভাবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন। প্রচলিত আইন অনুযায়ী ঋণখেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য।
উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।