চট্টগ্রাম অফিস ও মিরসরাই প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় তেল সঞ্চালন পাইপলাইন ছিদ্র করে ডিজেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাদির ফকিরহাটের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া রাস্তার মাথা এলাকায় পাইপলাইনের ওপর টিনশেড ঘর নির্মাণ করে এই তেল চুরি করা হচ্ছিল।
তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাইপলাইনের কাটাস্থান থেকে অনবরত ডিজেল তেল নির্গত হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তেল চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির কর্মকর্তারা। এ ঘটনায় টিনশেড ঘরের মালিক নুরুল আবছারের স্ত্রী নুর জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
তবে স্থানীয়রা জানায়, আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি এক মাস আগে টিনশেড ঘরটি ভাড়া নিয়ে এই তেল চুরির কাজ চালিয়ে আসছেন। এতদিন বিষয়টি জানাজানি হয়নি। কিন্তু বৃহস্পতিবার পাইপলাইনের ছিদ্রস্থান দিয়ে তেল উপচে আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেটি সংগ্রহ করতে গেলে বিষয়টি সবার নজরে আসে। পরে খবর পেয়ে এসিল্যান্ড, মিরসরাই থানার পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ও বিপিসি কর্মকর্তারা উপস্থিত হন। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন ও বেশ কয়েকটি তেলের ড্রাম উদ্ধার করা হয়েছে।
টিনশেড ঘরের মালিক নুরুল আবছারের স্ত্রী নুর জাহান গণমাধ্যমকর্মীদের জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তার স্বামীর কাছ থেকে টিনশেড ঘরটি ভাড়া নেন। আমিরুল ইসলাম তার গ্রামের বাড়ি খুলনায় বলে জানিয়েছেন। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানায় চাকরি করেন জানিয়ে তিনি ঘরটি ভাড়া নেন।
এ বিষয়ে জানতে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে এ বিষয়ে জানতে উপ-মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস) মো. সহিদুজ্জামানকে কল করা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গতকাল সকালে পাইপলাইন লিকড হওয়ার মেসেজ পেয়ে আমাদের পেট্রোল টিমকে বিষয়টি অবহিত করি। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি টিনশেড ঘরের ভেতরে পাইপলাইন ছিদ্র করা। পাইপলাইন মেরামতের কাজ চলছে। এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবেন বলেও জানান তিনি।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থলে গিয়ে টিনশেড ঘরের মালিক নুরুল আবছারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওযা হয়েছে। কেন তারা পাইপলাইনের ওপর অবৈধভাবে টিনশেড ঘরটি নির্মাণ করেছেন এবং যে ব্যক্তিকে ঘরটি ভাড়া দিয়েছেন তার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।