আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ পিএম
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জারিফকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখেন। টানা দুই দিন মৃত্যুর সঙ্গে নিঃশব্দ লড়াই চলে তার। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, পরিবারের অশ্রুসজল প্রার্থনা ও স্বজনদের অপেক্ষা—সবকিছু পেছনে ফেলে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই কিশোর শিক্ষার্থী।
বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার
বাঞ্ছারামপুর দশদোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র
জারিফ মাহমুদের কথা। মাহমুদ বাইক দুর্ঘটনায়
মৃত্যুবরণ করেছেন। তার অকাল প্রয়াণে নিভে গেল পরিবার, বিদ্যালয় ও সমাজের বহু স্বপ্ন।
জারিফ মাহমুদের মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছে দশদোনা উচ্চ বিদ্যালয়ের
ক্যাম্পাস। সহপাঠীদের চোখে এখনো অশ্রু, শিক্ষকদের কণ্ঠে ভারী হয়ে এসেছে কথা।
বিদ্যালয় সূত্র জানায়, জারিফ ছিল অত্যন্ত ভদ্র, শান্ত স্বভাবের এবং পড়াশোনায়
মনোযোগী এক সম্ভাবনাময় ছাত্র। শিক্ষকরা তাকে ভবিষ্যতের একজন আদর্শ মানুষ হিসেবে
দেখতে চেয়েছিলেন।
এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অসহনীয় শোক।
এলাকাজুড়ে চলছে শোকের মাতম। দশদোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদ গভীর শোক প্রকাশ
করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে বিভিন্ন
সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শোক ও বেদনার বার্তা আসছে।
জারিফ মাহমুদের মৃত্যু আবারও প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা ও তরুণ প্রাণ
রক্ষার বিষয়ে। একটি সম্ভাবনাময় জীবন এভাবে ঝরে যাওয়ায় সমাজ আজ নিঃস্ব।
এলাকাবাসীর প্রার্থনা আল্লাহ তায়ালা মরহুম জারিফ মাহমুদকে জান্নাতুল ফেরদৌস নসিব
করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।