শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩২ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আর একজনের হাতের কব্জিসহ উড়ে গেছে টিনের ঘরের চাল। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে শত শত বোমা তৈরির সরঞ্জাম পড়ে রয়েছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারীকান্দির সাগর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই মাঝে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আজ বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক বেপারীর ছেলে সাগর বেপারীর সদ্য তৈরি করা বসতঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে একই উপজেলার দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় একজনের হাতের কব্জিসহ ঘরের চাল ঊড়ে যায়। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হয়। লাশ লুকাতে পেঁয়াজ ক্ষেতে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলের দক্ষিণ দিকে সেখানে তার লাশ রেখে পালিয়ে যায় তারা। এছাড়া এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার
স্বামী ভ্যান চালায়। মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ঘরটি তৈরি করেছি। নতুন ঘরে আমরা
এখনও থাকি না। ভোরে বোমার শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি
বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই ঘরটিতে রাতে ছিল। ঘরে কোনো মালামাল না থাকায় তালা
দেওয়া হতো না।
এ এলাকাটি একটি বোমা তৈরির এলাকা। পুলিশ জানলেও কোনো
অভিযান চালায় না। প্রতিবেশী সাহানা বেগম বলেন, আমরা চরম আতঙ্কে আছি। কোনোরকম মুখ খুলতে
পারব না।
রাবেয়া খাতুন নামের আরেক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম
ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে।
দেখি একজনের লাশ টানাহেঁচড়া করে পেঁয়াজ ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, বোমা বানাতে গিয়ে একজন মারা গেছে এবং ৪ জন মারাত্মকভাবে আহত হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাগর বেপারীর বাড়ির ঘরটি উড়ে গেছে। পাশাপাশি শত শত বোমা তৈরির সরঞ্জাম আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।