ইউসিবিএলের অর্থ আত্মসাত
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ০১:২৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ০১:৩০ এএম
ফাইল ছবি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জশিট গ্রহণ করে এ আদেশে দেন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম।
এর আগে, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেওয়া হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখায় ওই প্রতিষ্ঠানের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য টাইম লোনের আবেদন করা হয়।
ঋণ প্রস্তাবে নেতিবাচক মতামত থাকা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন করে। ঋণের অর্থ চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠান আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করা হয়। পরে এসব অর্থ নগদ উত্তোলন ও বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়া হয়।
তদন্তে আরও জানা যায়, আত্মসাত করা অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে জমা দিয়ে দায় সমন্বয় করা হয়।