গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওড়াকান্দি ঠাকুর বাড়ির কদর বাড়ছে। তাই গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের নজর এখন ঠাকুর বাড়ির প্রতি। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িকে মতুয়া সম্প্রদায়ের তীর্থ ভূমি বলা হয়।
শুধু গোপালগঞ্জ নয়, হিন্দু অধ্যুষিত আসনগুলোতে এ বাড়ির একটি প্রভাব রয়েছে। আর গোপালগঞ্জের তিনটি আসনে কমপক্ষে ৩০ থেকে ৩৫ ভাগ মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে। এই ভোট এবারের নির্বাচনে নিয়ামক হিসেবে ব্যবহার হবে। যে প্রার্থীর পাল্লায় এই ভোট উঠবে জয়ের ব্যাপারে তিনি ততটা আশাবাদী হয়ে উঠতে পারেন। আর ঠাকুার বাড়ির উত্তরসুরিরা যাকে আশীর্বাদ করবেন মতুয়ারা সাধারণ তাকেই ভোট দেন। আর এই ধারা অনেক দিন ধরে প্রচলিত রয়েছে। আগের প্রতিটি নির্বাচনেই তার প্রমাণ রয়েছে। তাই অনেকে মনে করছেন মতুয়া সম্প্রদায়ের ভোটেই জয়-পরাজয় নির্ধারিত হবে।
ইতোমধ্যে ঠাকুর বাড়ির মুরব্বিদের আশীর্বাদ নিতে সেখানে প্রার্থীরা যাচ্ছেন। ঠাকুর বাড়ি-কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার কাশিয়ানীতে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ঠাকুর পরিবারের সদস্য পদ্মনাভ ঠাকুর ও মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির প্রার্থী এসএম জিলানী।
এ সময় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
গত মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ঠাকুর বাড়িতে যান। সেখানে ঠাকুর পরিবারের অন্যতম উত্তরসূরি সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ এবং সুব্রত ঠাকুরসহ ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ডা. কেএম বাবরসহ গোপালগঞ্জ জেলা বিএনপি, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের হিন্দু নেতা কবি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গোপালগঞ্জের তিনটি আসনেই মতুয়া সম্প্রদায়ের ভোট একটি বড় ফ্যাক্টর। এই ভোটের ওপরই গোপালগঞ্জের তিনটি আসনের জয়-পরাজয় নির্ভর করবে।