বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ইসলামিক ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা নেতাকর্মীদের সঙ্গে এ সভা করেন। সভায় তিনি আগামী দিনের বাঞ্ছারামপুরকে একটি উন্নত, নৈতিক ও ইসলামিক চেতনাভিত্তিক আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, বাঞ্ছারামপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এবারের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারলে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নৈতিকতার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ বাঞ্ছারামপুর গড়ে তুলবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করতে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার ও ন্যায্য পাওনা আদায়ে তিনি আপসহীন থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী যুবসেনার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. হাবিব উল্লাহ বলেন, অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা একজন আদর্শবাদী, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে বাঞ্ছারামপুরে ইসলামী যুবসেনা আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসেনা নেতা মো. রাসেলসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঞ্ছারামপুর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।