মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ হামিদা আক্তার কুলসুমকে (২৫) শ্বাসরোধে হত্যায় ঘাতক স্বামী সাইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৩টায় কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি বিকালে স্বামী সাইমন মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন ৪ জানুয়ারি সন্ধ্যার পর থেকে কুলসুম-সাইমন দম্পতি ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দোতলায় গিয়ে রুমের বিছানার ওপর কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং সাইমন সেখান থেকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা আনসার আলী গাজী ওই দিনই সাইমনকে প্রধান আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মির্জাগঞ্জ থানার ওসি আ. ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়ের দিক নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত সাইমনের অবস্থান শনাক্ত করে মির্জাগঞ্জ থানা পুলিশ ও পটুয়াখালী জেলা পুলিশ কুমিল্লা জেলা পুলিশের সহায়তার কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, মরদেহ ঊদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।