কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে ৪ জন আহত হয়।
বুধবার (৭ জানুয়ারি) সকালে কালিয়াকৈর সফিপুরে মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
জানা গেছে, কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জেরে গতকাল সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার মূল ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝাতে গেলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক মোহাম্মাদ হালিম জানান, তিন মাস ধরে বেতন দিচ্ছে নাই। আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খাইতে পারছি না।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কারখানার শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।