বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৩ পিএম
তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘তার (তারেক রহমান) প্রত্যাবর্তনের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে এবং রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন।’
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে উপজেলা ও বড়াইগ্রাম এবং বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে দুলু বলেন, ‘২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মাটিতে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। যারা নিজেদের এমপি বা মন্ত্রী পরিচয় দেয়, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। দেশের মানুষ শেখ হাসিনাকেও প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি নয়। প্রয়োজনে পার্লামেন্টে বিল পাস করিয়ে তাদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হবে।’
এ সময় তিনি সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় দেশনায়ক তারেক জিয়াকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখানোর বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল আজিজ। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই পলাতক সাবেক স্বৈরাচার এমপি ডা. সিদ্দিকুর রহমান বিভিন্ন প্রক্রিয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাকে গ্রেপ্তার করা জরুরি।
জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সামসুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও কাজী শাহ আলম, সাবেক বড়াইগ্রাম পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসহাক আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মৃধা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মুন্নাফ খান, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।