কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর এবং ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। এজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ‘ভোটের গাড়ি’র মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, আমরা চাই- গোটা দেশে উৎসব মুখর পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমাদের সংবিধান বলেছে, জনগণের হাতে ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে। তিনি বলেন, অনেকে নির্বাচন নিয়ে নানা কথা বলছেন। আমি দীর্ঘক্ষণ কুমিল্লার ডিসি-এসপির সঙ্গে মিটিং করেছি। সব আশঙ্কা ভুল প্রমাণ করে তাদের সঠিক নির্বাচন করার নির্দেশনা দিয়েছি।
আলী ইমাম মজুমদার বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একই সঙ্গে গণভোটেও অংশ নেবেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পায়নি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০-৩৫, তারা কিন্তু ভোটই দিতে পারেননি-এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান এবার হবে ইনশাল্লাহ। এ বন্ধ্যাত্ব গোছানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন আলী নূর মো. বশিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।