চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫ পিএম
চট্টগ্রামে ঘন কুয়াশায় দুই নৌযানের সংঘর্ষের পর তলা ফেটে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গত শনিবার গভীর রাতে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট সংলগ্ন ঝুটর্যালি ঘাটের কাছে জাহাজটি ডুবে যায়।
সদরঘাট নৌ পুলিশের এসআই আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে ঘাটে ভেড়ানোর সময় ‘এমভি টিটু-৮’ লাইটার জাহাজটি অজ্ঞাত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডানপাশে মাঝ বরাবর ফেটে যায়। পরে জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন। তিনি আরও বলেন, ডুবে যাওয়া জাহাজটি আবুল খায়ের গ্রুপের। প্রতিষ্ঠানটির আমদানি করা স্ক্র্যাপ মাদার ভেসেল থেকে ঘাটে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো জাহাজটি।
আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মানোষ কান্তি সাহা বলেন, ‘এমভি টিটু-৮’ জাহাজটি শনিবার রাতে বহির্নোঙর থেকে স্ক্র্যাপ নিয়ে ঘাটে ভেড়ানোর সময় মাঝ বরাবর তলা ফেটে যায়। পরে পানি ঢুকে জাহাজটি ডুবতে থাকলে ক্যাপ্টেন দ্রুত জাহাজটি ঘাটে ভেড়ান। এরপর নাবিকরা নিরাপদে জাহাজটি থেকে নেমে যান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাজটি পুরোপুরি ডুবে যায়নি, তাই ঘাটে ভেড়ানোর পরপরই জাহাজ থেকে স্ক্র্যাপ আনলোডের কাজ শুরু করা হয়। আনলোড শেষ হলে জাহাজটি ডকে নিয়ে মেরামত করা হবে।