রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:২৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৭ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে বাউল গানের নামে অশ্লীল নাচ-গানসহ অনৈসলামিক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে নিমগাছী বাজার এলাকায় এ
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নিমগাছী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিমগাছী
কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে এক সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বন্দিহার গ্রামের আবু হানিফের
বাড়িতে নিয়মিতভাবে বাউল গানের নামে অশ্লীল নাচ-গানের আয়োজন করা হচ্ছেÑ যা এলাকার সামাজিক
শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড
যুবসমাজকে বিপথগামী করছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে এসব অনৈতিক কার্যকলাপ বন্ধে
প্রশাসনের কার্যকর ও কঠোর হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজন যেন
আর না হয়, সে বিষয়ে নজরদারি জোরদারের আহ্বান জানান তারা।
এ বিষয়ে বিক্ষোভকারীরা রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও), রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিমগাছী সেনাবাহিনীর ক্যাম্পে পৃথকভাবে
স্মারকলিপি প্রদান করেছেন বলে জানা গেছে।
তৌহিদী জনতার পক্ষ থেকে জানানো হয়, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা
গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক
পাটোয়ারী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যেন সামাজিক ও ধর্মীয় পরিবেশ বিনষ্ট করতে না
পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।’