কুমিল্লা অফিস
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ কুমিল্লার
দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে
ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসীর বড় ছেলে বাবাকে একটি মোটরসাইকেল
কিনে দেন। গতকাল সকালে বাড়ি থেকে চান্দিনা
বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ট্রাক
তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি
নিশ্চিত করে বলেন। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।