চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০২ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সদরের জহুরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় রবিউল নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (৪ জানুয়ারি) ভোরে ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নেজাবুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল আনুমানিক ভোর সাড়ে ৪টা দিকে রবিউল অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশ করেন। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৯/৭-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে ভারতের নুরপুর এলাকায় পৌঁছালে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, রবিউল রাত থেকেই নিখোঁজ রয়েছেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এই খবর আমরাও শুনেছি। তবে আমাদের সঙ্গে আটক ব্যক্তির পরিবারের সদস্যরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি।