রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:১৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য উপদেষ্টা মেলার উদ্বোধন করেন। গত ১ জনুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন পেছানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস মেলার উদ্বোধনের কথা থাকলেও তিনি অংশগ্রহণ করেনি। মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দেশের সবচেয়ে পুরনো বাণিজ্যমেলা ‘ঢাকা আন্তর্জাতিক মেলা’। এ মেলা দেশের ইতিহাসের মাইল ফলক। বাণিজ্যমেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, এটি দেশের বাণিজ্যিক উন্নয়নের ভূমিকা রাখবে। বাংলাদেশ আজ বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের উদ্দেশ্য হলো রপ্তানি উৎপাদনের উন্নয়ন, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ। অর্থনীতির উন্নতি। আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ। দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়ন। এ মেলা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে সংযুক্ত করে চলেছে। এই মেলা বাণিজ্য শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে।
এ সময়ে বক্তব্য রাখেন, বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান তাছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্য উপদেষ্টাসহ অতিথিরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন স্টল ও পেভিলিয়ন পরিদর্শন করেন।
মেলা উদ্বোধনের পর মূল ফটক খুলে দেওয়া হয় এবং কাউন্টার চালু করা হয়। প্রথম দিনে দুপুর থেকেই ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করতে শুরু করেন। বিকালের পর থেকে মেলা জমে ওঠে। প্রথম দিন টুকটাক বেচাকিনাও হয়েছে।
গতবারের চেয়ে এবার মেলায় ক্রেতা দর্শনার্থী বেশি হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। সেই সেইসঙ্গে বেচাকিনাও হবে।
মেলায় ক্রেতা-দর্শনার্থীরা জানান, গতবারের চেয়ে এবারের মেলার পরিবেশ অনেকটা ভালো। স্টল এবং প্যাভিলিয়নগুলো সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। পণ্যসামগ্রীর মান আগের চেয়ে অনেকটা ভালো। আশা করা যায়, এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীর পাশাপাশি বেচাকিনা ভালো হবে।
এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাবিলিয়নসহ মোট ৩২৪টি স্টলে দেশ-বিদেশের ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী প্রদর্শন ও বেচা-কেনা করবেন। এবারের মেলায় পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের ২৫ টাকা । তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা এবং জুলাই আহতদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালীন প্রত্যহ ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে।