দুর্বৃত্তদের আগুন
রামগতি–কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৪:২২ পিএম
পুড়ে ছাই হয়ে যাওয়া ভুক্তভোগী কৃষকের ধান। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগতিতে জমিতে কেটে স্তূপ করে রাখা এক কৃষকের ধানে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার প্রায় ৯৬ শতাংশ জমির ধান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের সামা এলাকায় ১ জানুয়ারি রাত আনুমানিক ১১টার পর যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন সত্যরঞ্জন দাস (৪৫)। তিনি ওই গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক সত্যরঞ্জন দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ধানের স্তূপে আগুন দেখে প্রতিবেশীরা আজ ভোরে চিৎকার করলে মাঠে ছুটে গিয়ে দেখি আমার সব শেষ।’
সত্যরঞ্জন জানান, তিনি ৯৬ শতাংশ জমির ধান মাড়াইয়ের উদ্দেশ্যে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি জমি থেকে বাড়িতে ফিরে যান। এরপরে কোন এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে তার ধারণা।
তিনি আরও বলেন, অনেক ধারদেনা করে জমিতে ধান চাষ করেছি। ধান বাড়িতে তোলার আগেই শেষ। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
সত্যরঞ্জন দাস বাদী হয়ে শুক্রবার সকালে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।