সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩৪) নামে এক ব্যক্তির হাতে টেঁটাবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের
মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাসির শেখ মধুপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা সূত্রে জানান, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত
খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের সঙ্গে দীর্ঘদিন জমিসংক্রান্ত
বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিসও হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেঁটা ও লাঠিসোটা
নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এতে তিনি টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা
তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইছাপুরায় নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী
সার্জন ডা. ফারহানা ইয়াসমিন বলেন, টেঁটাবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে।
তার একটি হাত ভাঙা এবং অপর হাত গুরুতর আহত
অবস্থায় রয়েছে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় এখানে টেঁটা খোলা সম্ভব নয়। এ কারণে
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেফার করা হয়েছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক
(তদন্ত) হাবিবুর রহমান বলেন, এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে,
জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।