খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৭:০৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম
নিরব হোসেন মুন্সীর জানাজা। প্রবা ফটো
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া নিরব হোসেন মুন্সীর (৬০) পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।
পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার দুপুরে মরহুমের জানাজা নামাজে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান।
আকন কুদ্দুস বলেন, মাকে কবরে শায়িত করে বাসায় ফিরে তারেক রহমান জানতে পারেন জানাজা নামাজে অংশ নিতে গিয়ে নিরব মুন্সী মারা যান। তখন তাৎক্ষণিক তিনি (তারেক রহমান) এই পরিবারের খোঁজ খবর নেন এবং এই পরিবারের সব দায়দায়িত্ব নিয়েছেন।
আকন কুদ্দুস আরও বলেন, তার পরিবারেরর কোনো উপযুক্ত সদস্য থাকলে তার চাকরির ব্যবস্থা করা হবে। যেহেতু নিরব হোসেনের ছেলে তাহসিন আল নাহিয়ান একজন জুলাই যোদ্ধা। সে গুরুতর আহত। তার উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তাই করা হবে।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম মামুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ প্রমূখ।