রংপুর ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৫:১৩ পিএম
রংপুর নগরীর কাচারীবাজারে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : প্রবা
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সব অসৎ পরিকল্পনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, ‘টাকা বিলিয়ে ৪ লাখ ২৬ হাজার ভোট কেনা যাবে না। টাকা দিয়ে কিছু ভাসমান ভোট কেনা যায়। আবার তারা টাকা নেয় একজনের, ভোট দেয় আরেকজনকে। তাই টাকা দিয়ে ভোট কিনে কেউ জনস্রোতের সঙ্গে টিকতে পারবে না।’
নগরীর কাচারীবাজারে গণসংযোগকালে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাতীয় পার্টির প্রার্থী বলেন, ‘নির্বাচনের দিন দুপুরের পর ভোট হবে একচেটিয়া। এ নির্বাচনে লাঙ্গলের জয়জয়কার হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুর রাজ্জাকসহ অন্যরা।
২৭ ডিসেম্বর ২২৯ কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।