ময়মনসিংহ অফিস ও জামালপুর সংবাদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম
জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে রেললাইনের স্লিপার তুলে ফেলার ঘটনায় জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রুটে আন্তঃনগরসহ সব ট্রেন চলাচলে চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে গফরগাঁও সেকশন বাদ দিয়ে ট্রেন চলাচলের রুট পরিবর্তনের পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সোমবার বিকেলে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রেলপথে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। গফরগাঁও রুটে লাইন বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটায় দুর্ঘটনা এড়াতে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রেলপথে নজরদারি জোরদার করা হয়েছে।’
তিনি জানান, সোমবার সকাল ১১টা ১৪ মিনিটে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস কিশোরগঞ্জ–ভৈরব হয়ে যাত্রার উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন ত্যাগ করে। এছাড়া জামালপুর এক্সপ্রেস ভৈরব ও গৌরীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করবে। অপরদিকে, ময়মনসিংহ এক্সপ্রেস সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ স্টেশন ছেড়ে যায়।
এদিকে এ ঘটনার প্রভাব পড়েছে জামালপুর রুটেও। গফরগাঁওয়ে রেললাইন বিচ্ছিন্ন হওয়ায় জামালপুর থেকে ঢাকাগামী চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন।
তিনি বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার তুলে ফেলার ঘটনায় ৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। জামালপুর থেকে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। তিনি আরও বলেন, ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ হয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর এসেছে।
সরেজমিনে জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্টেশনগুলোতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
গফরগাঁওগামী যাত্রী আসলাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোরে অগ্নিবীণা এক্সপ্রেসের দুর্ঘটনার পর ভেবেছিলাম অন্য ট্রেনে বাড়ি ফিরব। এখন শুনছি ট্রেন আর গফরগাঁও যাবে না। জরুরি কাজে বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
গাজীপুরগামী এক নারী যাত্রী বলেন, ‘ভৈরব হয়ে ঘুরে যেতে সময় অনেক বেশি লাগছে। আবার স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ যাত্রীদের এই কষ্ট দেখার কেউ নেই।’
রেলওয়ে ঢাকা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনগুলো গফরগাঁও হয়ে না গিয়ে গৌরীপুর–কিশোরগঞ্জ–ভৈরব রুটে চলাচল করছে। একইভাবে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব–কিশোরগঞ্জ–গৌরীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিলকৃত ট্রেনের যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিটের মূল্য ফেরত (রিফান্ড) নিতে পারবেন। নিরাপত্তার স্বার্থে এবং পরবর্তী শিডিউল বিপর্যয় এড়াতে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এর আগে, ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার রাতের আঁধারে কোন এক সময় রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।