গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩২ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় রবিউল ইসলাম (৪১) নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে সোমবার সকালে বনফুল পরিবহনের একটি বাস ওই পুলিশ সদস্যকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলযোগে মুকসুদপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।