প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬ পিএম
সড়ক দুর্ঘটনায় চার জেলায় যুবদল নেতাসহ আটজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ভোলার বোরহানউদ্দিনে তিনজন, কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচংয়ে তিনজন, চট্টগ্রামে ও গোপালগঞ্জে একজন করে। বিস্তারিত প্রতিবেদকদের খবরেÑ
বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে সিএনজি ও ট্রাকের মূখোমূখি সংঘর্ষের ঘটনায় তিনজন জন নিহত হয়েছে। এতে আহত হয় আরও তিনজন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিনের মানিকারহাট বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান, একই উপজেলার আজমেরি আরমিন এবং রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি। তবে নিহত রিয়াজ উদ্দিনের ঠিকানা পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব আজম সোহেল নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে পতেঙ্গা থানার কাটগড় চরপাড়া এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার জাহাঙ্গীর সওদাগরের ছেলে।
রবিবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক মো. লিটন মিঞা বলেন, শনিবার রাতে দুর্ঘটনার পরপরই লিটন মিঞাকে তার স্বজনরা নগরের জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানঘন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ লরি চালক আব্দুল জব্বার (৩১) ও হেলপার শাকিল (২২)। তাদের মধ্যে আব্দুল জব্বার নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে এবং শাকিল একই থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন।
বুড়িচং (কুমিল্লা) : বুড়িচং উপজেলায় ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় উপজেলার পাচওরা সিন্দুরী চৌমুহনী এলাকায় কুমিল্লা-সালদা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার বাকশীমূল ইউনিয়নের ছিনাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ইনস্যুরেন্স কর্মকতা ছিলেন। বুড়িচং থানার এসআই মো. আব্দুল আলী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাবুল শরীফ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার গোপিনাথপু বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল শরীফ গোপিনাথপুর এলাকার বেলায়েত শরীফের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।