নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচরুখি গ্রামের আদম ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) এলাকার রবিন মিয়াকে যে প্রতিশ্রুতি দিয়ে বিদেশে পাঠিয়েছিলেন সেটি রক্ষা করা হয়নি। বিষয়টি সমাধানে একাধিকবার বাচ্চু মিয়ার কাছে রবিনের স্বজনেরা গেলেও কোনো কাজ হয়নি। পরে রবিনের স্বজনেরা এলাকার পরিচিত সোহেল ভেন্ডারকে জানান, বিষয়টি নিয়ে বাচ্চুর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাচ্চু মিয়ার হাতে সোহেল ভেন্ডার লাঞ্ছিত হয়। এ নিয়ে গত শনিবার সকালে সোহেল ভেন্ডারের লোকজন বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে বাচ্চু মিয়ার বসতঘর ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
এরই জেরে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সোহেল ভেন্ডারের পক্ষ থেকে মাইকে প্রচার দেওয়া হয় বাচ্চু মিয়ার আদম ব্যবসার নামে অপকর্ম চালানোর প্রতিবাদ জানানো হবে। এর কিছুক্ষণ পর একই কায়দায় বাচ্চু মিয়ার পক্ষ থেকেও মাইকিং করা হয়। মুহূর্তেই দুপক্ষের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ বাজারের দুদিকে অবস্থান নেন। শুরু হয় দুপক্ষের লোকজনের একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, প্রচুর লোকের জমায়েত দেখে সেনাবাহিনী লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন আহত হন। এতে জনতা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মো. আল আমীন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সোহেল ভেন্ডারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে।