বরিশাল-ঢাকা রুট
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২০ পিএম
ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে নোঙর করা মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। এতে জিহাদ হোসেন নামের এক শিশুসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
লঞ্চের যাত্রী আবু বকর ছিদ্দিক বলেন, সকাল ৯টার দিকে লঞ্চটি পদ্মা নদী দিয়ে কোদালপুর লঞ্চঘাট এলাকা পার হচ্ছিল। এ সময় নদীর তীরের কাছাকাছি একটি মালবাহী জাহাজ নোঙর করা ছিল। ঘন কুয়াশায় লঞ্চ চালক সেটি দেখতে না পাওয়ায় ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় জিহাদ হোসেন নামে এক শিশু মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ ছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ প্রায় ১০ জন যাত্রী আহত হন। তবে দুর্ঘটনার পর কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় লঞ্চটি মুলাদীর দিকে যাত্রা শুরু করে।
মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে লঞ্চ ঘাটে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
অপরদিকে ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকার রুটসহ অভ্যন্তরীণ যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যার পর হঠাৎ এ সিদ্ধান্তের কারণে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।
যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন।
বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, বরিশাল টার্মিনাল থেকে পাঁচটি লঞ্চ ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সোলাইমান বলেন, সন্ধ্যার পর নদীতে কুয়াশার ঘনত্ব আরও বেড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল স্থগিত থাকবে।