পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, উপজেলার চেঁচুয়া গ্রামের শাহাবুদ্দিন শেখের লাগানো গাছ গত ১৬ ডিসেম্বর প্রতিপক্ষ একই এলাকার নজরুল দপ্তরিরা কেটে নিয়েছে।
তাদের সঙ্গে চেঁচুয়া ও কচুবিনিয়া মৌজায় ৫৮ শতক জমি নিয়ে ১৯৮৪ সাল থেকে আদালতে দেওয়ানি মামলা চলছে। পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে প্রতিপক্ষ নজরুল দপ্তরিরা দে. ১৭/৮৪ পরিবর্তিতে ৫৪৭/৮৪ মামলা রায়প্রাপ্ত হন। যার বিরুদ্ধে খুলনা সাবজজ দ্বিতীয় আদালতে দে. আপিল মামলায় ৭৫/৯০ মামলায় শাহাবুদ্দিন শেখরা রায়প্রাপ্ত হন। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্টে সিআর ২১৭১/৯২ মামলা করলে জজ আদালতের রায় বহাল থাকে। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিব টু আপিল করলে সেটাও খারিজ হয়। এরপর প্রতিপক্ষরা পাইকগাছা সহকারী জজ আদালতে পুনরায় দে. ৫/২০০৫ পৃথক বাটোয়ারা মামলা করে ১৯-১০-২০২৫ তারিখ তারা রায়প্রাপ্ত হন। যার বিরুদ্ধে ৯-১১-২০২৫ তারিখ খুলনা জেলা জজ আদালতে রায় রদ রহিত ২৪৫/২৫ মামলা এবং নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে নিম্ন আদালতের রায় স্থগিত করেন। অত্র আদালতের নোটিস পেলেও তা অমান্য করে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে বলে অভিযোগকারী জানান।
শাহাবুদ্দিন শেখ জানান, প্রতিপক্ষরা আমার লাগানো গাছ কেটে নিয়েছে। এদিকে প্রতিপক্ষ নজরুল দপ্তরি জানান, আদালতের রায় পাওয়ার পর তাদের জমির গাছ তারা কেটেছেন।