× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির প্রচেষ্টায় অবশেষে ভারতে ফেরত গেল ১৪ ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯ পিএম

বিজিবির প্রচেষ্টায় অবশেষে ভারতে ফেরত গেল ১৪ ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গার দর্শনা-নীমতলা সীমান্ত দিয়ে পুশইন করা ১৪ জন ভারতীয় নাগরিককে অবশেষে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। কড়া প্রতিবাদ জানিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে পুশব্যাক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গার দর্শনা-নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতের উড়িষ্যার একটি মুসলিম পরিবারের ১৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

গত শুক্রবার গভীর রাতে তীব্র শীত, ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে ভারতের নদীয়া জেলার গেঁদে সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা তাদের দর্শনা সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু ছিল।

পুশইনের পর তারা চার কিলোমিটার হেঁটে এসে দর্শনা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। প্রচণ্ড শীত ও দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। অনেকেই খাবার ও পোশাক দিয়ে সহোযোগিতা করেন।  

পরে রাত ১০টার দিকে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও দর্শনা বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে।

বিজিবি ও পুলিশের তথ্যমতে, তারা ভারতের ওড়িষ্যা প্রদেশের জগশ্বরপুর জেলার বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, গুলসান বিবি (৯০), জব্বার আলি (৭০), আলকুম বিবি (৬৫), উকিল শেখ (৪৩), সাবেরা বিবি (৩৪), হাকিম আলি (৪৫), সামসেরা বিবি (৪২), শেখরাজ (৩২), মেহেরুন বিবি (২৫), রহিদ আলি (৩৪), শেখ বান্টি (২৮), শাকিলা খাতুন (১০), নাছরিন নেছা (১২) ও মো. তৌহিদ আলি (১৪)।

উদ্ধারকৃতদের মধ্যে জব্বার আলি বলেন, আমরা সবাই ভারতের নাগরিক। আমাদের কাছে থাকা আধার কার্ড ও নাগরিক পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে। শুধু মুসলিম হওয়ার কারণে আমাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, উদ্ধারকৃত ১৪ জনের নাম-পরিচয় যাচাই করে বিজিবির তত্ত্বাবধানে দু'দিন  নিরাপত্তা হেফাজতে রাখা হয়। 

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে বিএসএফ ওই ১৪ জন ভারতীয় নাগরিককে দর্শনা-নীমতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে কড়া অবস্থান গ্রহণ করে।

পরবর্তী সময়ে ভারতের বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী প্রেমপাল সিংয়ের উপস্থিতিতে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সীমান্ত দিয়ে  তাদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

বিজিবির মোহাম্মদপুর কোম্পানি কমান্ডার এবং বিএসএফের জলংগী কোম্পানি কমান্ডারের সমন্বয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৪ জনকে সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়।

এর আগে শনিবার রাতেই উদ্ধারকৃতদের কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা সবাই হিন্দি ভাষাভাষী এবং বাংলাদেশে তাদের কোনো আত্মীয়-স্বজন নেই বলে নিশ্চিত হয় বিজিবি। 

সীমান্তে এই ধরনের পুশইন ও মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায়  উদ্বেগের পাশাপাশি মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক ভাবে নতুন করে আলোচনা ইস্যু তৈরি হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা