গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে প্রায় দুশ বছরের একটি প্রাচীন মাজারের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে মাজার আঙিনায় মলমূত্র নিক্ষেপ করে পবিত্রতা নষ্টের অভিযোগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলাটি করেন মাজারের খাদেম সায়েদুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি কামরুল হাসান। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, মাজারটি প্রায় দুশ বছরের প্রাচীন। মাজার ভাঙচুর ও মলমূত্র ত্যাগের ঘটনায় এলাকাবাসী ভক্তকুলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন আউলিয়া (র.) নামে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে শাহজাহান উদ্দিন আউলিয়া (রা.) নামে দুশ বছরের পুরনো একটি মাজার। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই মাজারের সীমানা প্রাচীর করে মাজারের আঙিনায় মলমূত্র ছিটিয়ে রাখে। পরের দিন শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।
মাজারের খাদেম সাইদুর রহমান বলেন, আমি ৪০ বছর ধরে এখানে আছি। কখনও এই ধরনের ঘটনা এখানে ঘটেনি। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, পুলিশ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।