চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৮ পিএম
রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
অপসারণ হওয়া ৬ পুলিশ কর্মকর্তা হলেনÑ মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬ (২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১০২ জন কর্মকর্তা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। গত ১৪ জানুয়ারি তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল এবং আগামী ১৮ জানুয়ারি তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই ৬ কর্মকর্তা চাকরি হারালেন।
তবে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনটি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিষয়টি জানা নেই।