ঘনকুয়াশা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২ পিএম
দুর্ঘটনায় কবলিত লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। প্রবা ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মাঝরাতে ঘন কুয়াশায় কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে লরির চালক ও হেলপার নিহত হয়েছে।
নিহত লরির চালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে ও হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মহাসড়কের আমানঘন্ডা এলাকায়।
তথ্যটি নিশ্চিত করে রবিবার দুপুরে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন জানান, রবিবার রাত আনুমানিক ১টার সময় আমানগন্ডা এলাকায় সংঘটিতি এই দুর্ঘটনায় প্রথমে লরির চালক ও পরে হেলপার মারা যায়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানায়, রাতে আমানঘন্ডা এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানকে পেছনে থাকা একটি লরি ধাক্কা দেয়। এতে লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর তিনিও মারা যান।