নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং এ ঘটনায় মো. আলমগীর (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর গুড়িগ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানান, আলমগীর দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং ঘটনার সময় তিনি ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় হঠাৎ করে তার বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের ভেতরে আটকা পড়া আলমগীরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘরের ভেতর থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মশা নিধনের
কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঘরের
আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিহত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।