× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘিনালার পাহাড়ে দম্পতির রঙিন ফুলের স্বপ্নবাগান

প্রবীর সুমন, দীঘিনালা (খাগড়াছড়ি)

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম

দীঘিনালার পাহাড়ে দম্পতির রঙিন ফুলের স্বপ্নবাগান

রঙিন ফুলের অপরূপ সৌন্দর্যে ঘেরা এক স্বপ্নের বাগান গড়ে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং সওদাগর পাড়ায়। শখের বসে শুরু করা ফুল চাষ আজ সফল বাণিজ্যিক উদ্যোগে রূপ দিয়েছেন এক শিক্ষক দম্পতি।

হাজাধন মনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উদ্যোক্তা নাসরিন আক্তার ও বেসরকারি চাকরিজীবী মো. মাসুদুল আলমের হাতেগড়া ফুল বাগান এখন দীঘিনালার আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রায় দুই বছর আগে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে টবে দেশি-বিদেশি ফুলের চারা রোপণের মধ্য দিয়ে তাদের এ উদ্যোগের শুরু। সময়ের সঙ্গে সঙ্গে শখটি পরিণত হয় সম্ভাবনাময় একটি ফুল চাষ প্রকল্পে।

বর্তমানে বাড়ির আঙিনাজুড়ে টবে চাষ হচ্ছে প্রায় ১৫০ প্রকার দেশি ও বিদেশি ফুল। বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি টবে সাজানো সাদা, হলুদ, গোলাপি, বেগুনি ও লাল রঙের চন্দ্রমল্লিকা। বিশেষ করে পূর্ণ বিকশিত সাদা চন্দ্রমল্লিকার ঝাঁক যেন স্নিগ্ধ সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। উদ্যোক্তারা জানান, তাদের বাগানে রয়েছে চন্দ্রমল্লিকার প্রায় ৭০টি প্রজাতিÑ যা বাগানের প্রধান আকর্ষণ।

এ ছাড়া থাইল্যান্ডের উন্নত জাতের গোলাপসহ লাল, সাদা ও বিভিন্ন রঙের প্রায় ৩০ প্রকার গোলাপ রয়েছে। পাশাপাশি বিভিন্ন রঙের পিটুনিয়া ঝুলছে টবে টবে। আরও আছে গাঁদা, ডালিয়া, গাজেনিয়া, সেলোসিয়াসহ নানা জাতের ফুল, যা বাগানটিকে করেছে বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর।

নাসরিন ও মাসুদুল আলম দম্পতি শুরুতে শখের বসে ফুল ও চারা সংগ্রহ করলেও বর্তমানে বাগানটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফুল বাগানে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বাগানটি দেখতে আসছেন এবং পছন্দ অনুযায়ী ফুল কিনছেন। উপজেলা সদর থেকে ঘুরতে আসা দর্শনার্থী সাধন বিকাশ বলেন, ‘দীঘিনালায় এত সুন্দর ফুলের বাগান আছে এখানে না এলে জানতামই না। নানা রকম ফুল দেখে মুগ্ধ হয়েছি।’

গণমাধ্যমকর্মী মো. জাকির হোসেন বলেন, ‘ফেসবুকে বাগানের ছবি দেখার পর এখানে এসে মুগ্ধ হয়েছি।’

ফুল বাগানের উদ্যোক্তারা বলেন, ‘শখ থেকে শুরু হলেও এখন এই বাগান আমাদের নেশা ও পেশা। দেশ-বিদেশ থেকে উপকরণ এনে বাগান সাজিয়েছি। মানুষ দূরদূরান্ত থেকে আসে এবং ফুল কেনে।’ তারা আরও জানান, ‘বাগানে মৌমাছি মৌচাক তৈরি করেছে। এই মধু পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রিও করছি।’

স্থানীয়রা বলছেন, এই ফুলবাগান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিদিন ফুলপ্রেমী ও ক্রেতাদের ভিড় জমছে। ধীরে ধীরে ছোট মেরুং সওদাগর পাড়ার এই ফুলের বাগান দীঘিনালার দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা